কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে কর্ণফুলীতে মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে ১৭ হাজার
জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩টি মুদির দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করার কারণে একটি ফুড কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।