সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
ডিএমপির মিরপুর জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে পদায়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে “চুয়াডাঙ্গাবাসী” ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গায় পদায়ন হওয়া পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত। তারা অভিযোগ করেন, পাবনা ও ঢাকায় চাকরিরত অবস্থায় তিনি সাধারণ মানুষের ওপর নানা নির্যাতন চালিয়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বক্তারা বলেন, চুয়াডাঙ্গার মানুষ এমন একজন কর্মকর্তাকে মেনে নেবে না। তারা মানবিক গুণসম্পন্ন, নিরপেক্ষ ও পেশাদার একজন পুলিশ সুপার চান। গৌতম কুমার বিশ্বাসের পদায়নের আদেশ অনতিবিলম্বে বাতিলের দাবি জানান তারা।
গত ১১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি শরিফ হাসান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রফিউল কাদির ও সুমন রেজা।