আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার বেলা ১১ টা ৩ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন
সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের মৃত আকুব্বর মল্লিকের ছেলে মোবারক মল্লিক (৫২) এবং চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর অস্কার পাড়ার এনামুল হক পিংকির স্ত্রী তসলিমা খাতুন (২৫) ও একই এলাকার মৃত আব্দুর রশিদ মীরের ছেলে পাঞ্জাব মীর (৬০)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার বেলা ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভযান চালায়।
এসময় মোবারক মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তসলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। একই অভিযানে পাঞ্জাব মীরের বাড়িতে অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবারক মল্লিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শ’ টাকা জরিমানা। একই আদালতে তসলিমা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা এবং পাঞ্জাব মীরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।






