আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
গাঁজাসহ রিপন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের বাগান পাড়ায় অভিযান চালিয়ে ২২ গ্রাম গাঁজাসহ তাকে আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত রিপন ওই এলাকার কুদ্দুস আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে ২২ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিপনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।






