অনলাইন ডেস্ক : জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজধানী উত্তরার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর তার ছেলে ডা. রাফাত চৌধুরীকে সিলেট থেকে গ্রেফতার করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার ছেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে আজ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’
এর আগে গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।






