টানা কয়েকদিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সমুদ্র সৈকত এলাকা।
গতকাল সূর্যাস্তের সময় সৈকতের প্রতিটি অংশ পর্যটকে পরিপূর্ণ ছিল। সারাদিন হাজার হাজার পর্যটক সৈকতে সময় কাটিয়েছেন, উপভোগ করেছেন সমুদ্রের ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য। শুধুমাত্র দূরদূরান্ত থেকে আসা পর্যটকই নয়, স্থানীয় দর্শনার্থীরাও যুক্ত হয়েছেন এই উৎসবে। হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, হোটেল- মোটেলগুলোতে শতভাগ কক্ষ বুকিং হয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে জেলা প্রশাসনের পর্যটন সেল, ট্যুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড সদস্যরা। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সব মিলিয়ে টানা ছুটির এই সময়ে কক্সবাজার রূপ নিয়েছে একটি উৎসবমুখর পর্যটন নগরীতে।