নিজস্ব প্রতিবেদক : সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার স্টক এক্সচেঞ্জের ইলেক্ট্রনিক সাবক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটার (pro-rata) ভিত্তিতে বন্টন করা হয়েছে।
আজ (২১ জুন) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ) অবস্থিত ডিএসই ট্রেনিং একাডেমিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ শেয়ার বন্টন করা হয়ে। ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইএসএস এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দ প্রদানকারী প্রথম কোম্পানি হলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ; প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ জিয়াউল করিম; প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ; প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ আব্দুল লতিফ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও রাশেদ বিন আমান।
লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলাম এক প্রেজেন্টেশনের মাধ্যমে ইএসএস এর কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। পরবর্তীতে তিনি প্রো-রাটার ভিত্তিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শেয়ার বন্টনের জন্য ইএসএস সফটওয়্যারে অন্তর্ভূক্ত করেন। সফটওয়্যারটি আইপিও’র চাঁদা প্রদানকারী সকলের মধ্যে শেয়ার বরাদ্দ নিশ্চিত করে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৩৬.৪৫ গুন সাবসক্রিপশন (ভ্যালিড) হয়। উক্ত অনুষ্ঠানে ডিএসই’র এমআইএস ডিপার্টমেন্টের হেড মোঃ আব্দুল কাদের খন্দকারসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএসইসি’র আদেশ অনুযায়ী ২০১০ সালে “পাবলিক ইস্যু রুলস ২০০৫” এর ভিত্তিতে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) প্রথম প্রণয়ন করা হয়েছিল। প্রাথমিকভাবে সফটওয়্যারটি “ইনফোটেক মিডল ইস্ট” নামক দুবাই ভিত্তিক একটি বিদেশি সংস্থা থেকে গৃহীত হয়েছিল। ডিএসই’র আইসিটি ডিভিশনের এমআইএস ডিপার্টমেন্টের নিজস্ব দক্ষ কর্মীবাহিনী ২০১৬ সালে আধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন সফটওয়্যারটি সংস্কার করে। পরবর্তীতে বিদেশী সরবরাহকারীর সাথে ডিএসই চুক্তি বাতিল করে। ২০১৬ সাল থেকে এমআইএস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সিস্টেমটি পরিচালিত হয়ে আসছে। বিএসইসি’র নিয়মকানুন সংযোজনের মাধ্যমে স্বল্পতম সময়ে ৭-৮ বার সফটওয়্যারটি আপগ্রেড করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে ডিএসই ৫০টি কোম্পানির শেয়ার সফলভাবে সাবস্ক্রাইব করে। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে একটি এসএমই কোম্পানির শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে সাবস্ক্রাইব করা হয়েছে।
সম্প্রতি বিএসইসি এক্সচেঞ্জকে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা’র ভিত্তিতে ইএসএস এর মাধ্যমে শেয়ার বন্টনের ব্যবস্থা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। আদেশ অনুসারে ডিএসই আইসিটি ডিভিশনের এমআইএস ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ জিয়াউল করিমের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেমটিকে আপগ্রেড করেন। যা এখন সফলভাবে পরিচালিত হচ্ছে। এমআইএস ডিপার্টমেন্টের হেড মোঃ আব্দুল কাদের খন্দকার, সফটওয়্যার ডেভেলপার রাজীব সরকার এবং লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলাম সফটওয়্যারটি আপগ্রেডেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
৮ জুন ২০২১ সালে বিএসইসি’র কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ নতুন আপগ্রেডেড ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের উদ্বোধন করেন। ডিএসই’র আইসিটি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স টিমের নিরলস প্রচেষ্টায় আপগ্রেডেড সফ্টওয়্যারটি বিএসইসিসহ সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা অর্জন করে।