ভ্রাম্যমান প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার পর্যটনকেন্দ্র মিরিঞ্জা ভ্যালির একটি রিসোর্ট থেকে ঢাকার এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার ‘ডেঞ্জার হিল’ রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৭)। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা কালীগঞ্জ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু তাহের এবং মাতার নাম আমেনা বেগম।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে এসে ওঠেন এবং কটেজে একাই অবস্থান করছিলেন। বুধবার সকালে রিসোর্টের কর্মীরা কটেজে নাস্তা দিতে গেলে দরজা বন্ধ পান। এক পর্যায়ে পাশের ফাঁকা জায়গা দিয়ে উঁকি দিয়ে তারা তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিষয়টি রিসোর্ট ম্যানেজারকে জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের ফোন করে জানায় যে একজন পর্যটক আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কটেজে প্রবেশ করি এবং টয়লেটের দরজার ওপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।