ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পে সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লার দুর্নীতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, কেউ যদি অনিয়ম- দুর্নীতি করে থাকে প্রচলিত আইনের মাধ্যমেই তার বিচার হবে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো দ্বিধাদ্বন্দ থাকবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।
রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত পরীক্ষা হল উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে এ মন্তব্য করেন সচিব।
ড. কলিমউল্লাহ উপাচার্য থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১০ তলা বিশিষ্ট শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠলে ইউজিসি গঠিত তদন্ত কমিটি ড. কলিমউল্লাহসহ প্রকল্পের সঙ্গে জড়িতদের দায়ী করে প্রতিবেদন দেয়। অনিয়মের ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে তদন্ত কমিটি।
এসব অসমাপ্ত কাজ শেষ করার ব্যাপারে সরকারের উদ্যোগের বিষয়ে সচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে এসব সম্পন্ন করবেন। এ সব কাজ সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করবে।’
পরে শিক্ষা সচিব ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ভবন, স্বাধীনতা স্মারক পরিদর্শন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/একে