শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাট ও ডামুড্যা উপজেলা থেকে রাজধানী ঢাকায় সরাসরি বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গোসাইরহাট বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এতে শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলার ছয়টি উপজেলার মধ্যে চারটি উপজেলা থেকে ঢাকায় সরাসরি বাস সার্ভিস থাকলেও গোসাইরহাট ও ডামুড্যা রুটে এ সেবা বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের একাধিক গাড়ি পরিবর্তন করে ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে, বাড়ছে হয়রানিও।
বক্তারা আরও বলেন, যদি কেউ ষড়যন্ত্র করে এই রুটে বাস চলাচলে বাধা দিয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনতিবিলম্বে সরাসরি বাস চালু না হলে আমরা সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
গোসাইরহাট বাজারের ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ঢাকা থেকে মালামাল আনতে এখন কয়েকটি গাড়ি বদলাতে হয়। এতে খরচও বাড়ছে, সময়ও নষ্ট হচ্ছে। ব্যবসার ক্ষতি হচ্ছে।
যাত্রী সৌরভের ক্ষোভের সুরে বক্তব্য—
মাকে নিয়ে ঢাকায় যেতে হলে সরাসরি বাস থাকলে অনেক সহজ হতো। এখন কয়েক ধাপে গাড়ি পরিবর্তন করতে হয়, যা ভোগান্তির।
এছাড়া আছিয়া নামের এক গৃহিণী বলেন, শিশু ও ব্যাগপত্র নিয়ে ঢাকায় যেতে একাধিক গাড়ি বদল করতে হয়। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। সরাসরি বাস সার্ভিস আমাদের জরুরি প্রয়োজন।
মানববন্ধনে অংশ নেওয়া সবাই এক কণ্ঠে বলেন, “গোসাইরহাট ও ডামুড্যা থেকে দ্রুত সরাসরি ঢাকা রুটে বাস সার্ভিস চালুর ব্যবস্থা করতে হবে।”