শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ত্রুটিমুক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৯ সময় দেখুন
ত্রুটিমুক্ত

আপনি যখন মুখের উপর সত্য বলে বলে দোষ ধরিয়ে দেবেন, লোকে ধরে নেবে, আপনি ম্যানারলেস। আপনি যখন এরকম দোষ ধরিয়ে দেওয়া বন্ধ করে দেবেন, তখন লোকে ধরে নেবে, আপনি ভীতু ও সুবিধাবাদী, আপনার মধ্যে সত্য বলার সৎসাহস নেই।

আপনি যখন কাউকে সরাসরি ভালোবাসার কথা জানিয়ে দেবেন, লোকে বুঝে নেবে, আপনি বেহায়া ও নির্লজ্জ; আবার যখন কিছুতেই মুখ ফুটে কিছুই বলতে পারবেন না, তখন ধরে নেবে, আপনি গোঁয়ার ও অহংকারী।

আপনি যখন খুব চটপটে স্বভাবের এবং চঞ্চল হয়ে থাকবেন, লোকে বুঝে নেবে, আপনি উচ্ছৃঙ্খল; যখন খুব ধীর ও কোমল থাকবেন, তখন লোকে বুঝবে, আপনি দুর্বল।

যখন খুব ভ্রমণপ্রিয়, চারিদিকে ঘোরাফেরা, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা, হইহুল্লোড় করবেন, তখন সবার চোখে আপনি উড়নচণ্ডী। আবার যখন ঘর থেকেই বের হন না, কোনও আড্ডা কিংবা বন্ধুবান্ধব নেই, তখন লোকের রায়ে আপনি নিতান্তই অসামাজিক।

যখন সুন্দর জামাকাপড়, ব্রান্ডের পণ্য আর ফ্যাশনসচেতন থাকেন, তখন আপনি শোঅফ করেন। যখন আপনার ড্রেসআপ অগোছালো, ব্যবহার করেন সস্তা জিনিসপত্র, আর ফ্যাশন নিয়ে উদাসীন থাকেন, তখন আপনি খ্যাত্‌, আনস্মার্ট।

আপনি যা-ই করুন, যা-ই বলুন, যেভাবেই চলুন, যত যা-ই নিখুঁত হন না কেন, লোকে ফাঁকফোকর খুঁজে বের করে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হলেও আপনার কোনও-না-কোনও খুঁত ঠিকই খুঁজে বের করে নেবেই নেবে।

এই তথাকথিত সমালোচকগুলি আদতে নিন্দুক। আমাদের জীবনে ওরা মূলত অযত্নে বেড়ে-ওঠা আগাছার মতন। যত অযত্নই করুন না কেন, যতই তাচ্ছিল্য কিংবা বিরক্তি দেখান না কেন, ওরা গজাবেই। ওদের লাথি মারলেও কোনও এক বিচিত্র কারণে আপনার পায়ের কাছে এসে আবারও ঘুরঘুর করবে।

যদি ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে আপনি সুখে থাকেন, তবে মোষই তাড়ান। আপনি বনের মোষ না তাড়িয়ে ঘরের গরু পাললেও লোকে আপনাকে ওই চাঁড়াল রাখালই বলবে। ইতিবাচক কথা সবাই বলতে জানে না। ইতিবাচকতা অনেক বড়ো একটা গুণ, যা সবার থাকে না।

অন্যের চোখে নিজেকে ত্রুটিমুক্ত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে করে নিরানন্দে বাঁচার চেয়ে, অন্যের চোখে ত্রুটিযুক্ত হয়েও নিজের মতো করে আনন্দে বাঁচাটা ঢের বুদ্ধিমত্তার পরিচায়ক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর