আরিফ হাসান: সীমান্ত জেলা জামালপুরে অবস্থিত ময়মনসিংহ বিভাগের একমাত্র চিনিকল জিল বাংলা সুগার মিলস্ লিমিটেড। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের আওতাভুক্ত এবং দেশের পূর্বাঞ্চলের ভেতর এটি একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল ১৯৫৮ সাল থেকে আজ পর্যন্ত মোট ৬৩ টি মাড়াই মৌসুমে মাত্র ১৮ বার লাভের মুখ দেখেছে কোম্পানিটি। এছাড়া বাকি সব মৌসুমেই লোকসান। বরাবরের মতো এবারো প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৬৯ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৯৯৩ টাকা।
দীর্ঘদিনের লোকসানে ডুবে থাকা এই কোম্পানিটিতে বিনিয়োগ করে হতাশায় ভুগছেন বিনিয়োগকারীরা। বিগত কোন বছরেরও লভ্যাংশ প্রদানের তথ্য মেলেনি কোম্পানিটির। তবুও গত ৬ দিন ধরে টানা বেড়েই চলছে প্রতিষ্ঠানটির শেয়ার দর। ৭ ফেব্রুয়ারি ২০২১ থেকে আজকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় ২২ টাকা। কোম্পানির এই রুগ্ন অবস্থাতেও দাম বাড়ার বিষয়টি বড় কোন কারসাজি বলে ধারনা করছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।
এর কারন হিসেবে প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি আবদুল গফুর মিয়া কর্পোরেট সংবাদকে জানান, “বাজারে দর বৃদ্ধি কিংবা হ্রাসের বিষয়টি একান্তই মার্কেটের বিষয়। শেয়ারের দাম বাড়ার সাথে কোম্পানির কোন কারসাজি হচ্ছেনা বলে জানান তিনি”।
তিনি আরো বলেন, “আমরা আমাদের ব্যাবসায় উৎপাদন ও মুনাফা বাড়ার লক্ষে ৪ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। এবং স্টক এক্সচেঞ্জকেও আমাদের ব্যাবসায়ী পরিকল্পনা সম্পর্কে অবগত করেছি। আশা করি এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উৎপাদনে সম্প্রসার ঘটবে এবং লোকসান কমিয়ে মুনাফায় ফিরবে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেড”।
কোম্পানিটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির একাধিক খাতে মোট দেনার পরিমান ২৭১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৮০৭ টাকা। সর্বশেষ অর্থ বছরে এসে কোম্পানিটির মোট পুঞ্জিভুত লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৪৯০ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৭০৯ টাকা।
কোম্পানিটির অনিরিক্ষিত ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭.০৯ টাকা। যা একই সময় আগের বছর লোকসান হয়েছিলো ৩৬.৮৬ টাকা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য কমেছে ৮৫৪.৫২ টাকা যা একই সময় আগের বছর কমেছিলো ৮১৭.৪৩ টাকা।
৫০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় খাদ্য ও আনুসাঙ্গিক খাতের এই কোম্পানি। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৬ কোটি টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬০ লাখ। তাদের মধ্যে সরকারি বিনিয়োগকারি ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারি ১২.০৯ শতাংশ, এবং বাকি ৪৬.৯১ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীর হাতে।
কোম্পানিটির আজকের শেয়ার দর ৯.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ শেয়ারদর দাঁড়িয়েছে ১৪৮.৩০ টাকায়। আজকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ১৪২.৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৪৮.৩০ টাকায়। আজকে কোম্পানিটি ২৮১ বারে ৫৮ হাজার ৬৭১ টি শেয়ার লেনদের করে। যার বাজার মূল্য ৮৬ লাখ ৬০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ৮২.৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৮৪ টাকায়। বর্তমানে কোম্পানিটি মার্কেটের জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।