নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গত ৩ মার্চ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রোকারেজ হাউস দুটি হলো ব্যাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড ও ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব বিনিয়োগকারীর বৃহত্তর স্বার্থে ব্যাঙ্কো সিকিউরিটিজ ও ক্রেস্ট সিকিউরিটিজের লেনদেন এবং প্রতিষ্ঠান দুটির ডিপি অপারেশন স্থগিত করা হয়েছে। অর্থ বা শেয়ার বা উভয়ই আত্মসাতের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকদের আগামী ১৫ মে তারিখের মধ্যে অভিযোগ জমা দেওয়ার জন্য বলা হয়েছে।






