এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।
জামালপুরের দেওয়ানগঞ্জে পাররামপুর ইউপি নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্রার্থীকে কয়েকটি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় ঘটায় ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। আগামী ৩১ জানুয়ারি এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি)বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত এক অভিযানে এই জরিমানা করেন। নির্বাচনী পরিবেশ বজায়ে রাখতে প্রার্থীদের প্রচারণা, মিছিল, মিটিং যেন বিধি মেনে হয় সেই জন্য প্রতিদিন অভিযান পরিচালনা করছেন তিনি।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত বলেন, নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থীদের জরিমানা করেছি। বিধি লংঘন করলে জরিমানা আরও বাড়বে।
তিনি আরও বলেন, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান চলতে থাকবে এবং নির্বাচনের দিন পর্যন্ত আমরা সব সময়ই মাঠে তৎপর থাকবো।