গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: “খেলাধুলায় গড়বে দেশ, মাদকমুক্ত হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ১৪ মে (বুধবার) বিকাল ৪ ঘটিকায় নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা’র আয়োজনে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: মিজানুর রহমান লাভলু এর সঞ্চালনায় উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ ছালাম। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: জাহিদ হাসান জাহিদ, মো: এরশাদ মিয়া, মো: রাজিব খান, মো: জনি আহম্মেদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট আগামী কয়েক সপ্তাহব্যাপী চলবে। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এই আয়োজন করা হয়েছে।