নোয়াখালী প্রতিনিধি : এভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হতে পেরে আমি খুবই আনন্দিত। আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া। এভাবে সুন্দর নিয়োগ প্রক্রিয়ার কারণে আজকে আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। মেধার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়ায় আমি সবাইকে ধন্যবাদ জানাই। এ ভাবে নিজের স্বপ্ন পূরণের কথা বলছিলেন ইফতে খায়রুল হক।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ লাইনস শহীদ মনিরুল হক একাডেমীর হলরুমে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে নোয়াখালী পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে কোনো প্রকার ঘুস ও তদবির ছাড়াই ১২০ টাকায় নিয়োগ পেয়েছে ৪৩ তরুণ। মাত্র ১২০ টাকায় সরকারি আবেদন ফিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এ নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নোয়াখালী জেলায় ৪৩টি পদের বিপরীতে ৯৭৪ জন আবেদন করেন। মাঠ পরীক্ষা শেষে ৪১৭ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। লিখিত পরীক্ষা শেষে ভাইবার জন্য ৫০ জনের তালিকা প্রকাশ করে। পরে মৌখিক পরীক্ষা শেষে ৪৩ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়। ৭ জনকে অপেক্ষামান তালিকায় রাখা হয়। নিয়োগ প্রাপ্তদের মধ্যে অধিকাংশই নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের সন্তান।
নিয়োগপ্রাপ্তদের আরেকজন জানান, বর্তমানে টাকা ছাড়া চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার। সেখানে আমি মাত্র ১২০ টাকা দিয়ে চাকরি পেয়েছি এটা আমার জন্য বিশাল প্রাপ্তি।
নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, আমরা নিয়োগ প্রক্রিয়ার প্রতিটা ধাপে স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। আমি বিশ্বাস করি তারা যেমন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে তেমনি তারা তাদের সে যোগ্যতাকে কাজে লাগিয়ে কর্মস্থলে সৎ ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবে।