মামলার বাদী অনাপত্তি দেওয়ার পরও ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এতে করে গ্রাহকদের ভেতর শঙ্কা সৃষ্টি হয়েছে।
গতকাল রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলার শুনানীতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকের আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আহসান হাবীব। মামলার বাদী মোহাম্মদ আলমগীর হোসাইন আদালতে হাজির ছিলেন। জামিন দিলে আপত্তি নেই বলে তিনি আদালতকে জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ ঘটনায় সাধারণ গ্রাহকদের ভিতরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইভ্যালি ফ্যান্স ক্লাবের প্রেসিডেন্ট মোফতাছিম বিল্লাহ নাহিদ বলেন, রাসেল দম্পতির মামলার বাদী মামলা প্রত্যহার করলেও জামিন হচ্ছে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ন্যায় বিচার চাই। এছাড়াও আরও অনেক ক্রেতাকে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।