কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির এমপিরা কী কী সুবিধা নিয়েছেন তা জানতে চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংসদ সচিবসহ ছয়জনকে এই নোটিশ পাঠানো হয়েছে।
সংসদ সচিবালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে নোটিশ গ্রহীতাদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন বিএনপির ৭ সংসদ সদস্য।
তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য রুমিন ফারহানা।
একদিন পর রোববার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন পাঁচ সংসদ সদস্য। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আমার কাছে বিএনপির এমপি তাদের নিজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগের আবেদনপত্র জমা দিয়েছেন। পাঁচ জন সশরীরে ছিলেন। তাদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। আর বাকি দুজনের আবেদনপত্র যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেয়া হবে। আর পাঁচজনের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭(২) ধারা অনুযায়ী, ওই আসনগুলো এখন শূন্য হয়ে গেছে।
বাকি দুই বিএনপির সংসদ সদস্যের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় অনুপস্থিত রয়েছেন। তাদের পদত্যাগের আবেদনপত্রের ব্যাপারে স্পিকার জানান, আব্দুস সাত্তার অসুস্থ থাকার কারণে সংসদ সচিবালয় তার স্বাক্ষর মিলিয়ে দেখবে এবং এই বিষয়ে কথা বলবে। যদি সব ঠিক থাকে তাহলে তার আবেদনপত্রও গৃহীত হবে।
স্পিকার আরো বলেন, পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে।
এরই মধ্যে বিএনপির ৭ সংসদ সদস্যের মধ্যে পদত্যাগ করা ছয়জনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।
ছয়জনের নাম উল্লেখ করে আলাদা আলাদা গেজেটে বলা হয়েছে, ১১ ডিসেম্বর পূর্বাহ্নে পদত্যাগ করায় একাদশ সংসদের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
শূন্য ঘোষিত আসনগুলো হচ্ছে, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও এবং সংরক্ষিত নারী আসন (মহিলা আসন-৫০)।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে। তিনি এক সপ্তাহ পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে স্ব-স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেবেন বলে বিএনপির পদত্যাগীরা জানিয়েছেন।