নিজস্ব প্রতিবেদক : মিরাকল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)।
জানা যায়, আইন অনুযায়ী শেয়ার হস্তান্তর না করা এবং অফিস পরিবর্তন ও বন্ধ রাখার অভিযোগে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির উপ-পরিচালক মো. রফিকুন্নবী ও মোহাম্মদ রতন মিয়া এবং ডিএসইর ব্যবস্থাপক স্নেহাশিষ চক্রবর্তী।
সম্প্রতি মিরাকল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। একই সঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০২১ সালে ১৪ জুনের মধ্যে ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর ৫ ও ৬ বিধি মোতাবেক মেহবুব ইক্যুইটিকে ৩৫ লাখ ২২ হাজার ৯০০ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছে বলে জানিয়েছে। তবে, প্রকৃতপক্ষে ওই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, যা বিএসইসির দৃষ্টিগোচর হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একজন মনোনীত পরিচালক ও মিরাকল ইন্ডাস্ট্রিজে শেয়ারহোল্ডার জানিয়েছেন, মিরাকল ইন্ডাস্ট্রিজ তার অফিসের অবস্থান পরিবর্তন বা বন্ধ করার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন ২০১৫ এর রেগুলেশেন ৩৮ অনুযায়ী সকল স্টেকহোল্ডারদের অবহিত করার প্রয়োজন ছিল। কিন্তু, কোম্পানিটি তা করেনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন মনে করে, মিরাকল ইন্ডাস্ট্রিজের সার্বিক বিষয়ে তদন্ত করা প্রয়োজন।
প্রসঙ্গত, মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৭টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭০ শতাংশ শেয়ার আছে।