ভ্রাম্যমাণ প্রতিনিধি ঃ
গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ এক বছরেই বিলাসী জীবনে পা রেখেছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সংগঠন থেকে বহিষ্কার করেছে।
রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে। মাত্র এক বছর আগে যাদের ভাঙাচোরা টিনের ঘর ছিল, সেই পরিবার আজ পাকা বাড়ি নির্মাণ করছে। দামি গাড়িও কিনেছেন রিয়াদ। এলাকাবাসী বলছে, আগে যে পরিবার দিন এনে দিন খেত, হঠাৎ এত সম্পদের উৎস কী—তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।
রিয়াদের বাবা ছিলেন রিকশাচালক, এখন দিনমজুর। মা একসময় অন্যের বাসায় কাজ করতেন। সহপাঠীরা জানান, রিয়াদ স্থানীয় হাই স্কুল থেকে এসএসসি পাস করে ছাত্রলীগে যোগ দেন। পরে ঢাকায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হন। জুলাই অভ্যুত্থানের পর ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।
রিয়াদের মা সামসুন্নাহার বলেছেন, ‘আমরা না খেয়ে তাকে পড়াশোনা করিয়েছি। সে কীভাবে এমন পথে গেল, বুঝতে পারছি না।’
স্থানীয়রা প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছে—গ্রামের দরিদ্র পরিবারের এই ছেলে কীভাবে এক বছরের মধ্যে পাকা দালান, গাড়ি ও বিলাসী জীবনের মালিক হলো। তারা চায়, এমন সব রিয়াদকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।