নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
জানা গেছে, ২০১৮ সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজকের দিন ধার্য ছিল। এদিন রিজভী-দুলু আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে মামলার বিচারকার্য তরান্বিত করতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।






