লক্ষ্মীপুর, ২ জুন ২০২৫ (সোমবার):
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-এর পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলার আনসার ক্যাম্পে ঈদুল আযহা উপলক্ষে ২৩৫ জন ভাতা ভোগী আনসার সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সুজি, নুডুলস, চাল, গুঁড়ো দুধ ও তেল। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই আয়োজনটি আনসার ও ভিডিপি সদস্যদের মুখে হাসি ফোটায়।
সদর উপজেলা আনসার ক্যাম্পে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদ উজ জামান, উপজেলা প্রশিক্ষক হাবিবুর রহমান এবং প্রশিক্ষিকা রোজিনা বেগম।
জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম মহাপরিচালকের পক্ষ থেকে সকল সদস্যদেরকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।
এই উদ্যোগটি আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের প্রতি প্রশাসনের আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।