জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ট্রেজারার হিসেবে প্রফেসর ড. ইমরানুল হককে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের বিপুল সাফল্য, বিশেষত সরকারি চাকরি, ব্যাংক ও কর্পোরেট ক্ষেত্রে বিশিষ্টতার কারণে এ দাবি জোরালো হয়েছে।
ড. ইমরানুল হক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকেই একজন ছাত্র-বান্ধব শিক্ষক হিসেবে কাজ করে আসছেন। তার আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে শিক্ষার্থীরা মনে করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ডেনমার্কের অলবর্গ বিশ্ববিদ্যালয় থেকে এম.এস ও পিএইচডি সম্পন্ন করেছেন।
ড. ইমরানুল হক ওয়ার্ল্ড ব্যাংক ও ডেনমার্ক সরকারের অর্থায়নে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে কাজ করেছেন এবং তার ৫০টিরও বেশি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি অলবর্গ বিশ্ববিদ্যালয়ের সাস্টেইনেবিলিটি ল্যাবে গবেষণা করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন, ড. ইমরানুল হকের অভিজ্ঞতা ও দক্ষতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হবে।