রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির দরজা ও ঘরের আলমারি ভেঙে নগদ টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে কোন এক সময়ে উপজেলার তাতীহাটি ইউনিয়নের বড় পোড়াগর এলাকায় ব্যবসায়ী শরিফুল ইসলাম লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী শরিফুল ইসলাম লিটন জানান, বুধবার সন্ধ্যায় তিনি বাড়িতে তালা লাগিয়ে তার বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য জেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। কাজ শেষে রাতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকার বাসায় রাত্রিযাপন করেন। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়িতে ফিরে গেলে ঘরের দরজা ও দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এসময় ভেতরে প্রবেশ করলে তারা ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
এছাড়াও একটি স্টিলের ও একটি কাঠের আলমারির ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। ব্যবসায়ীর দাবি, চোরের দল ঘরে ঢুকে আলমারি ভেঙে তাঁর বাবার হজ্বে যাওয়ার জন্য জমানো নগদ ৯ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’