নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে সব সূচকই বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে পৌনে ৭ হাজার কোটি টাকা ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৬ হাজার ৯৭ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৮৭৮ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫২ হাজার ৮৪০ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৬৯১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৬ হাজার ৭৪৩ কোটি ২৭ লাখ ১ হাজার ৮১৩ টাকা বা ১.২৩ শতাংশ বাজার মূলধন ফিরে পেয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ হাজার ৩৯ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৪৪০ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৩০৬ কোটি ২৫ লাখ ৫ হাজার ১৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ২৬৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৫৭৭ টাকা বা ২০ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.১১ পয়েন্ট বা ১.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৬.২০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৫৩ পয়েন্ট বা ১.১৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৩.০৭ পয়েন্ট বা ১.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৮.৯২ পয়েন্টে এবং ২ হাজার ৬৩৫.৯৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৬টির বা ৪৬.৩২ শতাংশের, কমেছে ১৬৮টির বা ৪৪.২১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির বা ৯.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।






