নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে ২৯ পয়সা আয় হয়েছিল। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৪ টাকা বা ৮৩ শতাংশ বেড়েছে।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৬৬ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৯ টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১৬ পয়সা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৫৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১১১ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬৪৯টি। এর মধ্যে ৪০ দশমিক ০৬ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৩৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।