দেশের ব্যাংকখাত সংস্কারে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৭৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে। এর মধ্যে এডিবি তিন ধাপে ১৩০ কোটি ডলার আর বিশ্বব্যাংক দেবে ৪০ থেকে ৪৫ কোটি ডলার।
ব্যাংকখাত সংস্কারের পাশাপাশি এ ঋণসহায়তা বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর কাজেও ব্যয় করা হবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে। ঋণসহায়তা মিলতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকেও। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সরকার ব্যাংকখাত সংস্কারে কমিশন গঠনের পরিবর্তে দ্রুত তিনটি টাস্কফোর্স করার পরিকল্পনা করছে। কমিশন গঠনে দীর্ঘ সময় লেগে যাবে, এ কারণে টাস্কফোর্সের মাধ্যমে শিগগির সংস্কার শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক। টাস্কফোর্সগুলো যেন যথাযথ ভূমিকা রাখতে পারে, সেজন্য দেশি-বিদেশি সর্বোচ্চ কারিগরি জ্ঞান ও সহায়তা নেওয়া হতে পারে।
ব্যাংকখাত সংস্কারে বিশ্বব্যাংক ৪০ কোটি ডলার দিতে পারে, যার সুদহার হবে ৬ থেকে ৬ দশমিক ৫০ শতাংশের মধ্যে। একই সুদহারে এডিবি থেকে ১৩০ কোটি ডলার ঋণ পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। তিন দফায় এডিবি প্রথম বছরে ৫০ কোটি ডলার, দ্বিতীয় বছরে ৫০ কোটি ও তৃতীয় বছরে ৩০ কোটি ডলার দিতে পারে।
তথ্যসূত্র: জাগো নিউজ