নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন। দেশের প্রধান পুঁজিবাজারে মাত্র ২০ মিনেটেই কমেছে ১১৪ পয়েন্ট। রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৮১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা ১০টা ৩৬ মিনিট পরযন্ত ডিএসইতে ২১১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রভাবে গত বৃহস্পতিবার বিশ্বের প্রধান সব পুঁজিবাজারেই দরপতন হতে দেখা যায়। ব্যতিক্রম ছিল না দেশের পুঁজিবাজারও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮০ পয়েন্টে।
এদিকে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রধান সব পুঁজিবাজারেই তেজি ভাব দেখা গেছে। এদিন এশিয়ার পুঁজিবাজারে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫০৬ পয়েন্ট বেড়েছে। চীনের সাংহাই সূচকে ২১ এবং ভারতের বিএসই সেনসেক্সে ১ হাজার ৩২৯ পয়েন্ট যোগ হয়েছে। এশিয়ার বাজারে ব্যতিক্রম ছিল ভিয়েতনামের হ্যাং সেং। গত শুক্রবার সূচকটি ১৩৪ পয়েন্ট হারিয়েছে। তবে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভয়বহ পতন দিয়ে দিনের শুরু হয়েছে। শুরুর ২০ মিনেটেই সূচক কমেছে ১১৪ পয়েন্ট।
আজ ডিএসইতে ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৩৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।






