সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩২
অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের মারধর ও পরে চিকিৎসকদের কর্মবিরতি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকালে ঢামেকের জরুরি বিভাগের সামনের চিত্র। ছবি: সারাবাংলা
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলা পায়নি তদন্ত কমিটি।
সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
সাইফুল ইসলাম জানান, গতকালই তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পূর্ণ তদন্ত করেছেন এবং রাতেই প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলার তথ্য উঠে আসেনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তদন্তে ছাত্রদের দ্বারা চিকিৎসকদের নাজেহাল করার বিষয়টি উঠে এসেছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার সুপারিশ করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন- জরুরি বিভাগ চালু থাকবে, আউটডোর-ইনডোরে সেবা সীমিত পরিসরে
এর আগে রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢামেক হাসপাতালে শনিবার (৩১ আগস্ট) চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করেন ঢামেকসহ সরকারি হাসপাতালের চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেফতার-বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দাবিতে তারা কর্মবিরতির এই কর্মসূচি পালন করেন।
একই দিন দুপুর ২টার দিকে হাসপাতালের বাগান গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢামেকের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন। কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষসহ চার দফা দাবি তুলে ধরেন তিনি। এগুলো হলো—
পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রোববার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২ ঘণ্টা পর কর্মবিরতি স্থগিত করে চিকিৎসকরা কাজে ফেরেন।
সারাবাংলা/এসবি/টিআর
চিকিৎসকের অবহেলা
ঢাকা মেডিকেল কলেজ
ঢামেক হাসপাতাল
তদন্ত কমিটি
রোগীর মৃত্যু