জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)থেকে ::যশোরের কেশবপুরে সাত বছরের দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে উপজেলার আড়ুয়া গ্রামের মুদি দোকানি আব্দুল হামিদ বিশ্বাস (৬৫) ওই শিশু দুটিকে যৌন নিপীড়ন করেন অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বৃদ্ধ হামিদকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেশবপুর থানা ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকালে শিক্ষা দুটি আব্দুল হামিদ বিশ্বাসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল । এ সময় আব্দুল হামিদ বিশ্বাস শিশু দুটিকে ডেকে নিয়ে তাদের বিভিন্নভাবে যৌন নিপীড়ন করে। শিশু দুটি সেখান থেকে বাড়ি গিয়ে ঘটনা পরিবারের লোকজনকে জানায়।
তিনি জানান, এ ঘটনায় থানায় শিশুদের পরিবারের পক্ষ থেকে মামলা করলে পুলিশ হামিদকে গ্রেফতার করেছে। রোববার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার শিশু দুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।