
আরিফ চৌধুরী শুভ
নারী শব্দটা শুনলেই কত প্রতিবন্ধকতা সামনে এসে দাঁড়ায়। উঠোন ফেরিয়ে দুই পা বাড়াতে গেলেই নারীর ভাগ্যে জোটে সমাজের ভ্রু-কুচকানো নানা ব্যাঙ্গাত্বক উপাধী। তবুও বেগম রোকেয়ার অবরোধ বাসিনীরা থেমে নেই। একবিংশ শতাব্দির নারী আজ ঘর থেকে বের হয়ে শুধু পা ফেলেননি, সফলতার মুকুটও পরেছেন সাফল্যের শীর্ষে বসে নিজ যোগ্যতায়। পুরুষ শাসিত সমাজে হাজারো প্রতিবন্ধকতা মোকাবেলা করে যেই নারীরা এগিয়ে গেছে নিজ যোগ্যতায় বর্তমান সমাজে তারাই জয়ীতা ও সফল উদ্যোক্তা।
মুক্তিযোদ্ধা বাবার মেধাবী সন্তান কুষ্টিয়ার মেয়ে হাসিনা আনছার তেমনই একজন সফল নারী উদ্যোক্তা ও জয়ীতা। রন্ধন শিল্পী হিসেবে তিনি এখন পরিচিত সবার কাছে। স্রেপ শখ থেকে রান্নাকে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করে উদ্যোক্তার খেতাব নিয়েছেন অনেক আগেই। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল সমাজসেবামূলক কাজ করার মাধ্যমে সমাজে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। মাধ্যমিকের গন্ডি পার না হতেই পারিবারিকভাবে বিয়ের পিড়ীতে বসতে হয়েছে তাকে। বিয়ের বছর ৩ পার না হতে কোল জুড়ে আসে দুই ছেলে সন্তান। সংসার সন্তান নিয়ে সারাদিন ব্যস্ত থাকার কারনে থেমে যেত পারতেন হাসিনা, কিন্তু অদম্য ইচ্ছা শক্তির কারনে নিজেকে আজ উদ্যোক্তার মঞ্চে দাঁড় করাতে পারলেন। সংসার জীবনে স্বামী ও সন্তানদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে পুষ্টিকর খাবার তৈরি করতে করতেই হয়ে ওঠেন একজন ভালো রন্ধনশিল্পী।
পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনের প্রশংসা ও উৎসাহ তার কাজকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। সিদ্ধান্ত নিলেন একটি রন্ধন প্রতিষ্ঠান গড়ে তোলার। বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছেলেকে সাথে নিয়ে ২০১৬ সালে শুরু করলেন ‘নাহার কুকিং ওয়ার্ল্ড’- নামে ক্যাটারিং প্রতিষ্ঠান। প্রথমে পরিচিত গন্ডির মধ্যে এই প্রতিষ্ঠানের সেবা সীমাবদ্ধ থাকলেও ২০১৮ সালে ‘নাহার কুকিং ওয়াল্ড’ নামে অফিসিয়াল ফেসবুক পেইজ খুলে পণ্য ডেলিভারির কাজ শুরু করেন সারাদেশে। নিজেকে আরো দক্ষ্য করে গড়ে তুলতে ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল শেফ কোর্স লেভেল-১ কমপ্লিট করেন। এখানেও ভালো ফলাফল করায় ইনস্টিটিউট থেকে স্কলারশিপ পেয়ে বিনা খরচে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অ্যাসেসর পার্ট লেভেল-৪ কমপ্লিট করেন। বর্তমানে তিনি কারিগরি শিক্ষা বোর্ডে একজন অ্যাসেসর হিসেবে কাজ করছেন। মাল্টি কুইজিনের ওপর প্রশিক্ষণ নেওয়া হাসিনা আনছার এখন সব ধরনের সুস্বাদু খাবার তৈরি করতে পারেন। গণমাধ্যমে প্রায় তিনি রান্নার রেসিফি নিয়ে উপস্থিত হন। হাসিনা আনছার শুধু নিজে সাবলম্বী হয়ে বসে থাকতে পারতেন, কিন্তু তা না করে তিনি ‘নাহার কুকিং ওয়ার্ল্ড’ এর মাধ্যমে নারীদের সুস্বাদু রান্নার কলাকৌশল শেখাতে শুরু করলেন। বর্তমানে তার কাছ থেকে শত শত নারী প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হয়েছেন।
রন্ধন শিল্পের উদ্যোক্তা হিসেবে হাসিনা আনছার এখন নিজেকে পরিচয় দিতে বেশ সাচ্ছন্দবোধ করেন। হাসিনা আনছারের রান্নার স্বাদ রান্নাঘর থেকে গণমাধ্যম হয়ে এরই মধ্যে পৌঁছে গিয়েছে দেশ বিদেশে। তার হাত ধরে দেশে তৈরি হওয়া রন্ধন উদ্যোক্তারা এখন জীবনের চাকা ঘুরান রান্না দিয়েই। এখানেই এসে হাসিনার সাফল্যের গালভরা হাসি তাকে তৃপ্ত দেয়। নাহার কুকিং ওয়ার্ল্ডের সত্বাধীকারী হাসিনা আনছার নিজের রান্নার কলাকৌশল নিয়ে বেহুলা বাংলা প্রকাশনা থেকে ২০২১ সালে বের করেছেন ‘ঐতিহ্যবাহী রান্না সেরা ১০০ রেসিপি’ বই। রান্না বিষয়ক এই বইয়ে স্থান পেয়েছে দেশের ৬৪ জেলার শত সেরা রন্ধন শিল্পীর সেরা রেসিপি।
এত কিছু করেলেন যিনি তিনি কাজের স্বীকৃতি পাবেন না তাতো নয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাকে এরই মধ্যে সম্মাননা, সনদ প্রদান ও পুরস্কৃত করেছেন সফল নারী উদ্যোক্তা হিসেবে। পেয়েছেন নারী শিল্পোদ্যোক্তা সম্মাননা, পিবিএন২৪ সেরা উদ্যোক্তা সম্মানন-২০২১, কীর্তিমীন নারী সম্মাননা ২০২১’ এজেএফবি এওয়ার্ড। ১১ তম ইন্টারন্যাশনাল পোল্ট্রি কুকিং কনটেস্টে অংশ নিয়ে স্থান করেন নেন সেরা দশে। কুকিং অ্যাসোসিয়েশন পিঠা প্রতিযোগিতায় সারাদেশের প্রতিযোগীদের মধ্যে হন চতুর্থ। ২০১৯ বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশন ও চ্যানেল আই আয়োজিত পিঠা প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশ থেকে চতুর্থ স্থান অধিকার করেন । বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কর্তৃক আয়োজিত সেইফ ফুড কার্নিভালে প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই ফাউন্ডেশন) এর ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে।
হাসিনা আনছার নিজের সাফল্য নিয়ে তৃপ্তির হাসি দিয়ে বলেন, আমি বিশ্বাস করি, প্রতিটি নারীর নিজের ব্যক্তিত্ব আছে, অস্তিত্ব আছে, পরিচয় আছে। নিজের পরিচয়ে পরিচিত হতে চায় নারী। শুধু অর্থ নারীকে পিছিয়ে রাখতেক পারে না। উদ্যোক্তা হলে যেকোন নারী স্বাবলম্বী হতে সময়ের ব্যাপার মাত্র। ভবিষ্যত নারী উদ্যোক্তাদের জন্য হাসিনা আনছারের পরামর্শ হলো, সফল রন্ধন শিল্পী হতে চাইলে সততা, ধৈর্য, নিষ্ঠা, পরিশ্রম, আত্মবিশ্বাস ও কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। সময়ের সাথে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেন নিজের কাজকে ছড়িয়ে দিতে পারে। পাশপাশি দক্ষতা বৃদ্ধির জন্য নিতে হবে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় প্রশিক্ষণ।