Last Updated:
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূম জেলার পণ্যবাহী ট্রাক মালিকদের বড় স্বস্তি দিল জেলা প্রশাসন। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে তিলপাড়া ব্যারেজের উপরের রাস্তা দিয়ে খালি ট্রাক ও ডাম্পার চলাচলের ছাড়পত্র জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। পাশাপাশি তিলপাড়া ব্যারেজের ডাউন স্ট্রিমে ভারী যান চলাচলের উপযোগী কজওয়ে নির্মাণেরও অনুমোদন দিয়েছে রাজ্য সেচ দফতর।
জেলাশাসক বিধান রায় জানান, খালি ট্রাক ও ডাম্পার চলাচলের ক্ষেত্রে গতিবেগের ঊর্ধ্বসীমা ঘণ্টায় ১০ কিলোমিটার রাখা হয়েছে। ব্যারেজের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ব্যারেজের ডিভাইডারে ফাটল ধরা পড়ায় ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছিল। এর ফলে বিকল্প সিউড়ি-সাঁইথিয়া রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছিল, যা নিয়ে নাকাল ছিলেন সাধারণ মানুষ ও পরিবহণ ব্যবসায়ীরা।
বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাশ আহমেদ জানান, ‘তিলপাড়ার রাস্তাটি বন্ধ থাকায় আমরা একটিমাত্র বিকল্প রাস্তায় নির্ভর করছিলাম। প্রশাসনের নতুন সিদ্ধান্তে খালি ট্রাক চলাচলের অনুমতি মেলায় অনেকটাই স্বস্তি পেয়েছি’।
তিনি আরও জানান, সেচ দফতরের ছাড়পত্র মেলায় তিলপাড়া জলাধারের পাশে নতুন কজওয়ে নির্মাণের কাজও দ্রুত শুরু হবে। প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই কজওয়ে। যার সমস্ত খরচ বহন করবে জেলা ট্রাক মালিক সমিতি। আহমেদ স্পষ্ট করেছেন, ‘কজওয়ে ব্যবহার করতে কোনও টোল বা অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। ট্রাক মালিকরা নিজেদের চাঁদার টাকা দিয়েই এই প্রকল্প সম্পন্ন করবেন’।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 17, 2025 9:24 AM IST
পুজোর মুখে স্বস্তি! তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে বড় আপডেট দিল সেচ দফতর, মিলল কজওয়ে নির্মাণের অনুমতিও