খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর পর তাঁর মরদেহ দেশে আনা হলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার নিকরাইলে জোহরের নামাজের পর পলশিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবদুস সালাম পিন্টু এবং তাঁর ভাতিজা ধনবাড়ী-মধুপুরের সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
আরো উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধারা,জেলা বিএনপির সভাপতি হাসিনুর জামিল শাহীন,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বীর সন্তানকে হারিয়েছে। তাঁর কর্ম ও মুক্তিযুদ্ধের চেতনায় অবদান নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
জানাজার আগে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রধান করা হয়। শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের মরদেহ তার নলুয়া কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপস্থিত সবাই।