কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জায়গায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সিডিএ কতৃপক্ষ।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ) ম্যাজিস্ট্রেট “হামীমুন তানজীন’র” নেতৃত্ব এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দেশের বহুল আলোচিত শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল ও চেমন ইস্পাত লিমিটেডের সীমানাপ্রাচীরের অংশবিশেষ ভেঙে দেওয়া হয়।
সিডিএর জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও জায়গা ব্যবহারের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে রাস্তার দক্ষিণ পাশে আওয়ামীলীগ নেতা মান্নানের বাগান করার নামে সিডিএ থেকে নেওয়া জায়গায় দোকান নির্মাণ করে ভাড়াকৃত অন্তত ২০টি দোকানেও সিডিএ অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করে।
সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান বলেন, “মইজ্জারটেক একটি জনবহুল এলাকা। এখানে প্রায়ই যানজট লেগে থাকে। সিডিএর জায়গা অবৈধ দখলমুক্ত করা গেলে যান চলাচল স্বাভাবিক হবে এবং এলাকাবাসীর যাতায়াতে ভোগান্তি কমবে।”
তিনি আরও বলেন, অভিযানের আগে তাদেরকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তারা তাতে কর্ণপাত করেননি। জনস্বার্থে সিডিএর জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, মইজ্জারটেক এলাকায় সিডিএ’র জায়গা অবৈধ দখলমুক্ত করা হলে যানজট কমার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।