স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: দেশে অনলাইন ও ব্লেন্ডেড লার্নিং বিষয়ে ২০ দিনের কর্মশালা শুরু শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এই কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
অনলাইন ও ব্লেন্ডেড লার্নিং বিষয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার অনেক আগেই শুরু হয়েছে। কিন্তু আমাদের দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এদিকে পিছিয়ে আছে। তাই বিশ্বের উন্নত দেশেগুলোর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষাসহ প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।’
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘প্রযুক্তি শিক্ষাসহ সব ক্ষেত্রেই কাজের ধরনে বড় রকমের পরিবর্তন এনেছে। বৈশ্বিক এ বাস্তবতা অনুধাবন করতে না পারলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর অনলাইন ও ব্লেন্ডেড লার্নিং কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকদের সক্ষমতা বাড়াতে হবে।
তিনি আশা প্রকাশ করেন এই কর্মশালা অনলাইন, ব্লেন্ডেড লার্নিং ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার সম্পর্কে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়ায় (সেমকা) যৌথ উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত ২০ দিনের এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. আবু তাহের প্রমুখ।
উল্লেখ্য, ২০ দিনের এই কর্মশালায় দেশের ২০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষক অংশ নিচ্ছেন।
সারাবাংলা/টিএস/পিটিএম