আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাস একটি সাধারণ ঠান্ডাজনিত অসুখে পরিণত হবে বলে মন্তব্য করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উদ্ভাবক সারাহ গিলবার্ট। ভাইরাসটির মারাত্মক ভ্যারিয়েন্টগুলোর পরিণতি সম্পর্কে এই বিজ্ঞানী বলেন, কোনো ভাইরাস যখন বেশি ছড়ায় তখন তার তীব্রতা কমে যায়। ডেইলি মেইলের খবর।
বুধবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের রয়েল সোসাইটি অব মেডিসিনের এক ওয়েবিনারে সারাহ গিলবার্ট বলেন, নভেল করোনাভাইরাসের আরও মারাত্মক কোনো সংস্করণ আসবে এমনটা ভাবার কারণ নেই। ভাইরাসটির আর যাওয়ার মতো বেশি জায়গা নেই। ভবিষ্যতে এই ভাইরাস ইতিমধ্যে আক্রান্ত হয়ে যাওয়া কোভিড প্রতিরোধী মানুষের মধ্যেই ছড়াবে, ফলে এটি আস্তে আস্তে সাধারণ ও মৌসুমি ঠান্ডাজনিত রোগে (সিজনাল ফ্লু) পরিণত হবে।
তিনি বলেন, আমরা এরই মধ্যে সংক্রমিত হয়— এমন চারটি করোনাভাইরাসের সঙ্গে বাস করছি। এগুলো নিয়ে আমরা ভাবি না। নতুন কোনো উদ্বেগজনক ভ্যারিয়েন্টও আসছে না।
সারাহ গিলবার্ট বলেন, এখন প্রশ্ন হচ্ছে, করোনাভাইরাসের তীব্রতা কমতে কতদিন সময় লাগবে এবং এটি ঠেকাতে আমরা কী কী ব্যবস্থা নিতে পেরেছি। তিনি জানান, ভবিষ্যতের সংক্রামক রোগের ভ্যাকসিন তৈরির জন্য এখনই তহবিল তৈরির কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য যে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনোলজির অধ্যাপক সারাহ গিলবার্ট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের আবিষ্কারক। তার আবিষ্কৃত এ ভ্যাকসিন বিশ্বে ব্যাপক ব্যবহৃত হচ্ছে।
সারাবাংলা/আইই