করোনা সংক্রমণ মোকাবিলায় দুই সপ্তাহের জন্য সকল স্কুল, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।
শুক্রবার (২১ জানুয়ারি) এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
জবি উপাচার্য বলেন, দুই সপ্তাহ সশরীরে ক্লাস বন্ধ থাকবে। অনলাইনে ক্লাস চলবে। যেসব বিভাগের পরীক্ষা চলছে সেসব বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুক্রবার ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোক অংশ নিতে পারবে না। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অর্ধেক জনবল নিয়ে চলবে।
মন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম। সব অর্থনৈতিক কর্মকাণ্ড বজায় রেখেছিলাম। কিন্তু ইদানীং শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর গেলো বছর ৭ অক্টোবর সশরীরে পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খোলা হয়েছিল।
The post জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.