স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিএনপিকে নেতৃত্বশূন্য করতে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, `সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আসন্ন যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের পূর্বেই বিএনপিকে নেতৃত্বশূন্য করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনার মধ্যে আছে বিএনপির শীর্ষ নেতাদেরকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা।’
‘যেমন হাবিবুল ইসলাম হাবিব। তিন বারের সংসদ সদস্য, নিজ এলাকায় জনপ্রিয় নেতা। এরকম নেতাদেরকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকিয়ে রাখার একটা প্রক্রিয়া তারা ইতিমধ্যে শুরু করেছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘হাবিবুল ইসলাম হাবিব একজন ছাত্র নেতা ছিলেন। নব্বইয়ের গণঅভ্যুত্থানে তিনি ভালো ভুমিকা রেখেছেন। যে কারণে তার এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি একজন লড়াকু মানুষ। গত ৩৫ বছরে এদেশে যত আন্দোলন হয়েছে, তার প্রত্যেকটাতে তিনি সম্মুখ সারির নেতা ছিলেন। এই ধরনের একজন রাজনৈতিক নেতাকে ২১ বছর পরে মিথ্যা মামলায় সাজা দেয়া— এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, চক্রান্তমূলক, প্রতিহিংসামূলক।’
ঘটনার ১২ বছর পর জব্দ তালিকা প্রণয়ন নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১২বছর পরে জব্দ তালিকা তৈরি করা হয়েছে। মহাসড়কেরর উপর থেকে বুলেটের খোসা, দুইটি স্যান্ডেল- ইত্যাদি উদ্ধার করে আলামত হিসেবে দেখানো হয়েছে। এই সময়ের মধ্যে ওই মহাসড়ক সংস্কারও হয়েছে কয়েকবার। এরপর উনারা আলামত কীভাবে পেলেন, কীভাবে এর সত্যতা প্রমাণ করলেন এবং মহামান্য আদালত কীভাবে গ্রহণ করলেন— এটা কারও কাছে বোধগম্য নয়। এসব কারণে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুরোপুরি চলে যাচ্ছে। এই আলামত গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি বলেন, ‘হাবিবুল ইসলাম হাবিবকে সাজা প্রদান সরকারের নীল নকশার অংশ। এটা শুধু হাবিব নয়। দেখবেন খুব দ্রুত বিএনপি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের অনেককেই এই ধরনের মিথ্যা মামলায় সাজা দেবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে, মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘এসব করে যদি তারা মনে করে থাকে যে, জনগণের আন্দোলনকে নস্যাৎ করবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ, বাংলাদেশের জনগণ পুরোপুরিভাবে প্রতিজ্ঞবদ্ধ। তারা শপথ নিয়েছে যে, কোনো মতেই এই দেশে কর্তৃত্ববাদ, ফ্যাসীবাদ সরকার মেনে নেবে না। আন্দোলনের মাধ্যমে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে।’
সোমবার (১৭ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তসমূহ তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
মির্জা ফখরুল জানান, বঙ্গবাজারসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের জন্য সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে এসব অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। সভা মনে করে, সরকার প্রধানের বিরোধী দলের প্রতি দোষারোপে আঙ্গুল তোলা ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর কৌশল মাত্র। সভায় এ কৌশলের নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সারাবাংলা/ এজেড/এনইউ