সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

প্রতিষ্ঠার তৃতীয় বছরে পা রাখলো ‘উন্মুক্ত লাইব্রেরি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ সময় দেখুন
প্রতিষ্ঠার তৃতীয় বছরে পা রাখলো ‘উন্মুক্ত লাইব্রেরি’


ঢাবি: দিনব্যাপী নানা আয়োজনে উন্মুক্ত লাইব্রেরির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংশ্লিষ্টরা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তৃতীয় বছরে পা রেখেছে এই প্রতিষ্ঠানটি। বইপড়া, জ্ঞানচর্চাকে উন্মুক্ত পরিসরে ছড়িয়ে দেওয়া এবং মানুষের মধ্যে বই চর্চার আবহ তৈরির পাশাপাশি সাংস্কৃতিকভাবে মানুষকে উদার, চিন্তাশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে দুই বছর আগে উন্মুক্ত লাইব্রেরি যাত্রা শুরু করেছিল।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে লাইব্রেরি সংশ্লিষ্টরা। ‘বই হোক মুক্তির হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ফটকে উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

দু’টি পর্বে বিভিন্ন আয়োজিত উন্মুক্ত লাইব্রেরির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম পর্বে সকাল ১০টায় প্রদীপ প্রজ্জ্বলন ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উদযাপন অনুষ্ঠান।

সকাল ১১টায় ‘উন্মুক্ত লাইব্রেরি দিবস ১৪৩০’ উপলক্ষে একটি র‍্যালি করেন সংশ্লিষ্টরা। বিকাল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে উন্মুক্ত লাইব্রেরির সাংস্কৃতিক দল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, একক ও দলীয় নৃত্য পরিবেশন, একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করে।

পরবর্তীতে আঞ্চলিক বিতর্কের সেশন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর আঞ্চলিক বিতর্ক পর্বটি পরিচালিত হয়।

উদযাপনের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৬টায় শুরু হয় কনসার্ট। এতে পারফর্ম করছে ব্যান্ড অবান্তর, ব্যান্ড লেমনেড, শিল্পী রাশেদ, ফ্রেস্কো, সোহান আলী, রানা, জুলফিকার রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি দল।

সার্বিক বিষয়ে উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা তানভীর হাসান সৈকত বলেন, ‘আজ থেকে দুবছর আগে উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠার ভাবনা যখন আসে, কখনো ভাবিনি যে উন্মুক্ত লাইব্রেরি আজ যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সে জায়গায় যেতে পারবে কিংবা যাওয়ার পথটি এত সহজ হবে। সবচেয়ে বড় বিষয় হলো, যাদের জন্য কিংবা যাদের উদ্দেশ্যে উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠা করা, তারা সবাই বিষয়টি ভালোভাবে গ্রহণ করেছে। আরেকটি বড় অর্জন আপনারা ইতোমধ্যে দেখেছেন যে, প্রধানমন্ত্রী উন্মুক্ত লাইব্রেরির স্টল পরিদর্শনে এসেছেন। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আমাদের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন।’

উন্মুক্ত লাইব্রেরির সাধারণ সম্পাদক মোছাদ্দিক বিল্লাহ বলেন, ‘উন্মুক্ত পরিসরে বই পড়া, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিকভাবে মানুষকে চিন্তাশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে উন্মুক্ত লাইব্রেরির যে যাত্রা, সেটির আজ দুবছর পূর্ণ হয়েছে। উন্মুক্ত লাইব্রেরির এই যাত্রার অংশ হতে পারা গৌরবের।’

The post প্রতিষ্ঠার তৃতীয় বছরে পা রাখলো ‘উন্মুক্ত লাইব্রেরি’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর