নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়ার পর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন আজ, রবিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত একমি পেস্টিসাইডসের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “ACMEPL” এবং কোম্পানি কোড হচ্ছে : ১৮৪৯৬।
গত ১০ নভেম্বর কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। আর এরও আগে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
চলতি বছরের ১৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।
একমি পেস্টিসাইডস ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে।
উত্তোলনযোগ্য অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ি শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৮৪ টাকায়। এ কোম্পানিটির ওইসময়ের ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ০.৪৮ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
একমি পেস্টিসাইডস শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরবর্তী ৪ বছর বোনাস শেয়ার দিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিএসইসি।