নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানায় গাড়ি ভাঙচুরের এক মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।
ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিনের বিষয়টি গণমাধ্যমকে জানান।
গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। বিকেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নাম্বার সদস্যও তিনি। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।
প্রসঙ্গগত, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ওই মামলায় ইশরাক হোসেনকেও আসামি করা হয়। পরে ইশরাক হোসেন ১৮ নভেম্বর উচ্চ থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি। এরপর ১৮ আগস্ট অসুস্থ থাকায় ইশরাক আদালতে হাজির হতে পারেননি। ওইদিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।






