মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ সময় দেখুন
জুলাই গণঅভ্যুত্থান  হত্যা মামলার আসামি গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলার আসামি নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী নেংরার বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিকরাইল ইউনিয়ন ছাত্র জনতার আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের জনগণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। বক্তারা অভিযোগ করে বলেন, পলাতক আসামি মাসুদুল হক মাসুদ এখনো এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছে। তার স্ত্রী শেফালী বেগম অবৈধভাবে বালু ব্যবসা পরিচালনা করছে। এছাড়া তার অনুসারীরা এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছে, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই যমুনা সেতু পূর্ব গোলচত্বরে বৈষম্য বিরোধী আন্দোলন শেষে কর্মীরা ভূঞাপুরের পথে ফেরার সময় সিরাজকান্দী বাজারে পৌঁছালে মাসুদের নেতৃত্বে ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং পরবর্তীতে টাঙ্গাইল শহরে গুলিতে দুইজন নিহত হয়। এই ঘটনায় ৫ আগস্ট মাসুদুল হক মাসুদকে প্রধান আসামি করে টাঙ্গাইল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার ফাঁসির দাবিও তোলেন তারা। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন নিকরাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুবদলের সদস্য সচিব মাহবুব আলম বেল্টু, ছাত্রদলের সভাপতি আল আমিন প্রামানিক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর