বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ধর্ষণ-সহিংসতা ও ১০ হাজার রোহিঙ্গা হত্যা করেছে মিয়ানমার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ সময় দেখুন
ধর্ষণ-সহিংসতা ও ১০ হাজার রোহিঙ্গা হত্যা করেছে মিয়ানমার


ঢাকা: মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞ, ধর্ষণ ও ব্যাপক যৌন সহিংসতার অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে গণহত্যার উদ্দেশ্যও (জেনোসাইডাল ইনটেন্ট) ছিল বলে আদালত তার রায়ে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করেন আইসিজের বিচারক ইউজি ইওয়াসাওয়া। ।

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের রায় পাঠের সময় প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার বিষয়গুলো তুলে ধরেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শুধু বেসামরিক মানুষকে হত্যা করেনি, রোহিঙ্গা নারী ও মেয়েদের ওপর ব্যাপক যৌন সহিংসতাও চালিয়েছে। শিশুদের ওপরও চরম সহিংসতা চালানো হয়েছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার সময় অনেক রোহিঙ্গাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশনস’ নামে সেনাবাহিনীর অভিযান শুরু হয়। ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের অনেকেই কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে আশ্রয় নেয়।

আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে বিবেচনা করেছেন। বিচারক বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্প-সংস্কৃতি রয়েছে এবং তারা নিজেদের একটি পৃথক জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেয়। কয়েক দশক ধরে মিয়ানমারে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও প্রমাণ রয়েছে। এ কারণে গণহত্যা সনদের আওতায় সুরক্ষার যোগ্য গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিবেচনা করেছেন আদালত।

২০১৭ সালের অভিযান শুরুর আগে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করত। বিচারক বলেন, মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এই জনগোষ্ঠীর সংখ্যা যথেষ্ট বড়। গণহত্যা সনদের আওতায় একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হিসেবে বিবেচনার জন্য এই সংখ্যা গুরুত্বপূর্ণ।

বিচারক ইওয়াসাওয়া গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো রাষ্ট্রের দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, কোনো রাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড রাষ্ট্রের ওপর আরোপযোগ্য হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য রাষ্ট্রকে দায়ী করা যেতে পারে। ব্যক্তির ক্ষেত্রে অপরাধের দায় থাকলেও রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে। তবে রাষ্ট্রের এই দায়বদ্ধতা ফৌজদারি অপরাধের মতো নয়।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় ২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। দেশটির অভিযোগ ছিল, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করেছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাকে গণহত্যার অংশ হিসেবে তুলে ধরে গাম্বিয়া।

অন্যদিকে, মিয়ানমার দাবি করে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পুলিশ চৌকিতে হামলার জবাবে নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল। দেশটির বক্তব্য ছিল, ওই অভিযান ছিল সন্ত্রাসবিরোধী কার্যক্রম।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে বসবাস করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর