বিশেষ প্রতিনিধি
ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তিনটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৬ জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় চুরি হওয়া চারটি গরু ও ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৭ চট্টগ্রাম সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি পিকআপ যোগে সীমান্তবর্তী ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে কিছু গরু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি পিকআপ থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করলে র্যাব ধাওয়া দিয়ে গাড়ি আটক করে।
গাড়ি থেকে কুমিল্লা, ফেনী ও চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকার ছয়জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জামান হোসেন মানিক (৫০), মো. আরিফুল ইসলাম (৩২), মো. ইয়াছিন (৪৬), আব্দুল কাদের (৩৭), মো. হারুন (৩৫) ও মো. সুলতান আহম্মদ (২৬)।
তল্লাশিতে পিকআপ থেকে চারটি গরু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা। র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত।
গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত গরু ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।