রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী উপজেলার আয়োজনে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্যবাজারে আয়োজিত সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মামুনুর রশিদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি মো. শহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত শেরপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন।
গণসমাবেশ শেষে কাচারী মসজিদ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, ‘এ দেশে বারবার দেখা গেছে দিনের ভোট রাতে বাক্সে ভরে দেওয়া হয়। নির্বাচনী এলাকায় পেশিশক্তি ও অর্থবিত্তের দাপটে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পান। তাঁর ভাষায়, এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি আসে না, বরং খুন-গুম, চাঁদাবাজি আর অর্থপাচার বেড়ে যায়। আমরা আর সেই কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তির গুন্ডাদের তাণ্ডব এবং দিনের ভোট রাতে বাক্সে ভরে দেওয়ার নির্বাচন চাই না। এতে দেশ আবার সন্তানহারা হবে, টাকা বিদেশে পাচার হবে, সর্বত্র চাঁদাবাজি চলবে। এ ধরনের নির্বাচন আমরা চাই না, হতে দেওয়া হবে না।’
এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত শেরপুর-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা ফারুক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সেক্রেটারী মুফতি মো. ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রশিদ আহমেদ ফেরদাউস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আশরাফুল ইসলাম, শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু বকর, বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্রীবরদী উপজেলা শাখার সদর মাওলানা আজিজুর রহমান প্রমুখ।
বার্তা প্রেরক:
রিয়াদ আহাম্মেদ,
শেরপুর প্রতিনিধি,
০১৬০৯৭৫৫৮৮৩ ।