বিশেষ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে বৃহত্তম তারাবুনিয়া গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপিরশ যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—জনগণের শক্তির সামনে কোনো স্বৈরতান্ত্রিক শাসন টিকতে পারে না। আজকে বৃহত্তম তারাবুনিয়া বিনির্মাণ মানে শুধুই অবকাঠামো উন্নয়ন নয়—এটি হবে ন্যায়বিচার, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।”
তিনি আরও বলেন, তারাবুনিয়ার প্রতিটি মানুষ যেন তাদের ভোটাধিকার ফিরে পায়, সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক চেতনার বিকাশে দলটি সদা সচেষ্ট থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভার অন্য বক্তারা বলেন, “ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে। গণতন্ত্র কেবল শ্লোগান নয়—এটি আমাদের জীবনের প্রতিটি স্তরের সঙ্গে জড়িত।”
সাধারণ মানুষের অংশগ্রহণ ও আশা
আলোচনাসভায় তারাবুনিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, এনসিপির নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জাগরণ তৈরি হবে যা বৃহত্তর তারাবুনিয়ার স্থায়ী উন্নয়ন, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখবে।