আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের নানগরহর প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপি’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এএফপির খবরে বলা হয়, নানগরহর প্রদেশের স্পিন ঘর জেলার একটি মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। এ অঞ্চলটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের ব্যাপক উপস্থিতি রয়েছে। ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা এ বিস্ফোরণ ঘটিয়েছে।
স্থানীয় এক তালেবান নেতা এফএফপি’কে বলেন, শুক্রবার একটি বিস্ফোরণ ঘটেছে। সে সময় ওই মসজিদে জুমার নামাজ চলছিল। এতে বহু হতাহত হয়েছেন।
স্থানীয় এক হাসপাতালের কর্মকর্তা জানান, এতে এ পর্যন্ত ১৫ জন আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং তিন জন মারা গেছেন।
গত দুই মাস ধরে আফগানিস্তানের একাধিক প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত ১৩০ জনের বেশি নিহত হয়েছেন। এসব ঘটনার দায় স্বীকার করে নিচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় সহযোগী আইএস-কে। তবে এ শুক্রবারের হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
সারাবাংলা/আইই