আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের আজভ ব্রিগেডকে অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণের উপর দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উগ্র ডানপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগসূত্রের কারণে বিতর্কে জর্জরিত আজভ ব্রিগেডের উপর নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের।
স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় আজভ ব্রিগেডের মানবাধিকারের (জিভিএইচআর) চরম লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আজভ এখন ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একটি ইউনিট। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইউক্রেনের ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার মিথ্যাচার এতে একটি বিধ্বংসী আঘাত পেয়েছে”।
এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের নিন্দা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়াকে দমন করতে যুক্তরাষ্ট্র এমনকি নব্য-নাৎসিদের সঙ্গেও প্রণয় করতে প্রস্তুত।
নাম প্রকাশ না করার শর্তে স্টেট ডিপার্টমেন্টের ওই মুখপাত্র বিবিসিকে বলেছেন, রুশ বিভ্রান্তিমূলক প্রচারণায় ইউক্রেনের ১২তম বিশেষ বাহিনী আজভ ব্রিগেডকে এমন একটি মিলিশিয়ার সঙ্গে এক করে দেখা হয় যার নাম আজভ ব্যাটালিয়ন। ২০১৪ সালে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে যে মিলিশিয়া দল গঠিত হয়েছিল তার নাম আজভ ব্যাটালিয়ন।
যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর উপর লেহি আইনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ইউক্রেনের এই ব্যাটালিয়ন নব্য নাৎসিবাদের আদর্শ ধারণ করে। ফলে তারা মার্কিন অস্ত্র ব্যবহার থেকে নিষিদ্ধ হয়।
সারাবাংলা/আইই