আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের ডনব্যাস অঞ্চলে নতুন করে সামরিক অভিযান পরিচালনার হুকুম দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে, ইউক্রেনের সৈন্যদের অস্ত্র সমর্পণ করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক টেলিভিশন ভাষণে তিনি এই নির্দেশ দেন।
পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওই অঞ্চলে কোনো রক্তপাত হলে তার দায় ইউক্রেনকেই নিতে হবে।
এদিকে প্রেসিডেন্ট পুতিন যখন ওই ভাষণ দিচ্ছিলেন তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন চলছিল। এক টুইটার বার্তায় জাতিসংঘের মহাসচিব ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করতে পুতিনের প্রতি আহ্বান জানান।
পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে লড়াই অবশ্যম্ভাবী। এখন তা শুধু কিছু সময়ের ব্যাপার মাত্র।
অপরদিকে, পুতিনের ভাষণ চলাকালীনই ইউক্রেনের দোনেস্ক এবং কিয়েভ অঞ্চল থেকে বড় বিস্ফোরণের খবর জানিয়েছেন বিবিসির সংবাদদাতা।
সারাবাংলা/একেএম