গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম মোস্তফা (৩১)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
গেল রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। গোলাম মোস্তফা মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
কাশিমপুরে হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে গলায় ফাঁস দিয়ে কেন্দ্রীয় কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ে গোলাম মোস্তফা। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি একশিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় রাজধানীর ডেমরা থানার মামলায় গ্রেফতারের পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই মামলায় তাকে ২০২০ সালের ১৯ মার্চ মৃত্যুদণ্ড দেন। পরে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের জুলাই মাসে এই কারাগারে স্থানান্তর করা হয়।’
মোস্তাফার রুমমেটদের বরাত দিয়ে জেল সুপার বলেন, দুই সপ্তাহ আগে তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। মোস্তফা বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিল। তিনি সেখানে পরনের ট্রাউজারের রশি খুলে গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় বন্দিরা দেখতে পেয়ে কারা কর্মকর্তাদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে ভিজিট করেছে।
কর্পোরেট সংবাদ/এআর